নির্বাচন কমিশনার (ইসি) অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আহসান হাবিব খান বলেছেন, ‘‌অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন করার জন্য প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনী প্রতিজ্ঞাবদ্ধ। কেন্দ্রে ভোটার উপস্থিত করার দায়িত্ব হচ্ছে প্রার্থীর। আমাদের তরফ থেকে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্ব হচ্ছে ভোটারদের নিরাপত্তা দেয়া। যাতে করে ভোটাররা বাসা থেকে ভোট কেন্দ্র পর্যন্ত নির্বিঘ্নে আসতে পারেন। নিজের ভোট দিতে পারেন এবং ভোট কেন্দ্রে গিয়ে যেন না শোনেন ভোট দেয়া হয়ে গেছে। এটা না কিন্তু। এবারে একটু অন্য রকমভাবে আমি চিন্তা করেছি। রিটার্নিং কর্মকর্তাসহ সংশ্লিষ্টরা অতীতে শতভাগ নিয়ন্ত্রিত ও সুন্দর নির্বাচন করে এসেছে এবং এবারো করবে।’

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গতকাল দুপুরে বরিশাল জেলা প্রশাসকের কার্যালয়ে নির্বাচনসংশ্লিষ্ট কর্মকর্তাদের সভায় মতবিনিময় শেষে সাংবাদিকদের এসব কথা বলেন।

সভায় বিভাগীয় কমিশনার শওকত আলীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ডিআইজি জামিল হাসান, পুলিশ কমিশনার সাইফুল ইসলাম, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. আলাউদ্দিন, জেলা প্রশাসক শহিদুল ইসলাম প্রমুখ। এছাড়া বরিশাল, পটুয়াখালী ও ভোলা জেলার নির্বাচনসংশ্লিষ্ট কর্মকর্তাসহ প্রশাসনের ঊর্ধ্বতনরা উপস্থিত ছিলেন।