গোপালগঞ্জে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হওয়া রোগীর সংখ্যা বাড়ছে। শনিবার (৪ এপ্রিল) প্রকাশিত সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন হাসপাতালে নতুন করে ২৭ জন রোগী ভর্তি হয়েছেন। উপজেলাভিত্তিক হিসাবে, গোপালগঞ্জ সদরে ১০ জন, কোটালীপাড়ায় ৭ জন, কাশিয়ানীতে ৪ জন এবং মুকসুদপুর উপজেলায় ৬ জন রোগী হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

জেলার সিভিল সার্জন ডা. আবু সাইদ মোহাম্মদ ফারুক বলেন, নতুন রোগীর সংখ্যা বাড়লেও পরিস্থিতি এখনো আশঙ্কাজনক পর্যায়ে পৌঁছায়নি। অন্যান্য জেলার তুলনায় গোপালগঞ্জে সংক্রমণের হার কম বলেও তিনি উল্লেখ করেন।

তিনি জানান, আগামীকাল রোববার (৫ এপ্রিল) থেকে টিকাদান কর্মসূচি শুরু হচ্ছে না, তবে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন রয়েছে। আক্রান্তদের চিকিৎসা নিশ্চিত করতে আইসোলেশন ওয়ার্ড প্রস্তুত রাখা হয়েছে এবং পর্যাপ্ত ওষুধ মজুদ রয়েছে।

এ সময় প্রয়োজন ছাড়া ঘরের বাইরে না যাওয়া এবং জনসমাগম এড়িয়ে চলার পরামর্শ দেন তিনি। পাশাপাশি শিশুদের নিয়মিত টিকাদান নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন এ স্বাস্থ্য কর্মকর্তা।