রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) কমপ্লিট শাটডাউন ঘোষণা করেছেন কর্মকর্তা-কর্মচারীরা। রোববার (২১ সেপ্টেম্বর) অফিসার্স সমিতির সভাপতি মোক্তার হোসেন সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

মোক্তার হোসেন বলেন, আগামীকাল সোমবার শুরু হওয়া শাটডাউন কার্যক্রমের বাইরে থাকবে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচন সংক্রান্ত কাজ, পানি, বিদ্যুৎ ও পরিবহন সেবা।

জানা গেছে, গত কয়েক দিন ধরে পোষ্য কোটার পক্ষে ও বিপক্ষে আন্দোলন করে আসছেন শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা। এ অবস্থায় রোববার বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় পোষ্য কোটা স্থগিত রাখার সিদ্ধান্ত নেয়া হয়।

মোক্তার হোসেন বলেন, প্রশাসনের এ সিদ্ধান্তে কর্মকর্তা-কর্মচারীরা হতাশ হয়েছেন। দেশের অন্য সব বিশ্ববিদ্যালয়ে এ সুবিধা থাকলেও রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তা না দেয়ায় তারা কমপ্লিট শাটডাউনের সিদ্ধান্ত নিয়েছেন।