সেন্টমার্টিন থেকে টেকনাফে ফেরার পথে বঙ্গোপসাগরে একটি স্পিডবোট উল্টে মা-মেয়ের মৃত্যু হয়েছে। স্পিডবোটটি শাহপরীর দ্বীপের দক্ষিণে বঙ্গোপসাগরের গরা নামক এলাকায় প্রবল ঢেউয়ের কবলে পড়ে উল্টে যায়। সোমবার (১ ডিসেম্বর) বেলা ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন— সেন্টমার্টিনের পূর্বপাড়ার নজির আহমদের মেয়ে মরিয়াম আক্তার (৩৫) এবং তার মেয়ে মাহিমা খাতুন (৬)। সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফয়েজুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

ফয়েজুল ইসলাম জানান, সেন্টমার্টিন থেকে ছেড়ে আসা যাত্রীবাহী স্পিডবোটটি গরা এলাকায় পৌঁছালে প্রবল ঢেউয়ের ধাক্কায় উল্টে যায়। এতে মা-মেয়ে দুজন ঘটনাস্থলেই প্রাণ হারান। আহত অবস্থায় আরো দুজনকে উদ্ধার করা হয়েছে। এ সময় খবর পেয়ে কাছের আরেকটি স্পিডবোট গিয়ে যাত্রীদের উদ্ধার করে।

নিহত মরিয়ামের ভাই বশির আহমেদ বলেন, তার বোন সন্তানদের নিয়ে টেকনাফ হয়ে ঢাকায় স্বামীর কাছে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন। পথে ঢেউয়ে স্পিডবোট উল্টে গেলে বোন ও ভাগনি মারা যান। মরিয়ামের ছেলে আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসা নিচ্ছে।

টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক আসিফ আলভী বলেন, হাসপাতালে আনার আগেই মা-মেয়ে দুজনের মৃত্যু হয়েছিল। একই ঘটনায় আহত দুজনকে চিকিৎসা দেয়া হচ্ছে।

টেকনাফের ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) রাকিব হাসান চৌধুরী বলেন, দুজনের মৃত্যু নিশ্চিত হওয়া গেছে। কিভাবে স্পিডবোটটি উল্টে গেল, সেটি তদন্ত করে দেখা হবে।