২৩ জন নাবিকসহ বাংলাদেশী জাহাজ জিম্মি করার ৮ দিন পর জাহাজ মালিক পক্ষের সঙ্গে প্রথম যোগাযোগ করেছে সোমালিয়ার জলদস্যুরা। আজ বুধবার (২০ মার্চ) তারা যোগাযোগ করে। জাহাজের মালিক পক্ষ কেএসঅরএম গ্রুপ বিষয়টি বণিক বার্তাকে নিশ্চিত করেছে।

কেএসআরএম গ্রুপের উপ-ব্যবস্থাপনা পরিচালক শাহরিয়ার জাহান বণিক বার্তাকে বলেন, ‘আজই সোমালিয়ার জলদস্যুরা আমাদের সঙ্গে যোগাযোগ করেছে। তবে যেহেতু আমাদের নাবিকদের নিরাপদে দেশে ফিরিয়ে আনাই প্রধান লক্ষ্য। তাই তাদের নিরাপত্তার স্বার্থে সবকিছু প্রকাশ্যে বলাটা এখন সমীচীন হবেনা।’

যোগাযোগ শুরু হওয়ায় মুক্তিপণ দাবির বিষয়টি সামনে আসবে। দর-কষাকষি করে সমঝোতায় পৌঁছালে জাহাজসহ নাবিকদের মুক্তি মিলতে পারে। গত ১২ মার্চ সোমালিয়া উপকূল থেকে ৬০০ নটিক্যাল মাইল দূরে ভারত মহাসাগরে বাংলাদেশী জাহাজ এমভি আবদুল্লাহ ছিনতাই করে জলদস্যুরা।