একটি দল নির্বাচন বানচালের অপচেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী জেলা বিএনপির আহ্বায়ক খায়রুল কবির খোকন। তিনি বলেন, ‘তারা চক্রান্ত-ষড়যন্ত্র করে বিএনপির নিশ্চিত বিজয়কে ঠেকানোর চেষ্টা করছে। আমরা সেই চক্রান্তের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকব।’

বিপ্লব ও সংহতি দিবসে গতকাল নরসিংদী জেলা বিএনপির উদ্যোগে আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন। খায়রুল কবির খোকন বলেন, ‘ঐতিহাসিক কারণে ১৯৭৫ সালের ৭ নভেম্বর জিয়াউর রহমানের নেতৃত্বে সিপাহি-জনতার বিপ্লবের মাধ্যমে দেশের সার্বভৌমত্ব ও দেশের গণতন্ত্র রক্ষা করা হয়েছিল। স্বাধীনতার পর থেকে ১৯৭৫ সাল পর্যন্ত আওয়ামী লীগ দেশের সংবাদপত্র বন্ধ করে দিয়েছিল। একদলীয় শাসন কায়েম করেছিলেন শেখ মুজিবুর রহমান। রক্ষী বাহিনী-নীল বাহিনী দিয়ে হাজার হাজার মানুষ হত্যা করেছিলেন। সেই অবস্থা থেকে দেশের গণতন্ত্র রক্ষা করেছিলেন জিয়াউর রহমান। একদলীয় শাসনের পরিবর্তে দেশে বহুদলীয় গণতন্ত্র কায়েম করেছিলেন। মাত্র সাড়ে তিন বছরে জিয়াউর রহমান সুখী সমৃদ্ধীশালী বাংলাদেশ প্রতিষ্ঠা করেছিলেন। দীর্ঘ ১৬ বছর শেখ হাসিনার সরকার বিএনপিকে ধ্বংস করার ষড়যন্ত্র করেছে। খালেদা জিয়াকে বিনা চিকিৎসায় হত্যার চেষ্টা করেছে।’

তিনি বলেন, ‘তারেক রহমান দেশপ্রেমের পরীক্ষায় শতভাগ নম্বর পেয়ে উত্তীর্ণ হয়েছেন। এ মাসের শেষ দিকে তিনি দেশে ফিরে রাজনীতির হাল ধরবেন। দলকে পুনর্গঠিত করবেন। দেশের জনগণ তাকেই আগামী দিনের প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চায়।’