কবি আবুবকর সিদ্দিক মারা গেছেন। খুলনার একটি বেসরকারি হাসপাতালে গতকাল ভোরে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি...রাজিউন)। কবির ছোট বোনের ছেলে মো. শরিফুল ইসলাম জানান, দীর্ঘদিন তার মামা বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন। বুধবার সন্ধ্যায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে মৃত্যুর পর গতকাল বাদ জোহর খুলনার শহীদ হাদিস পার্কে জানাজা শেষে তাকে টুটপাড়া কবরস্থানে দাফন সম্পন্ন হয়। 

এক যুগ ধরে নগরীর পাঁচ নম্বর মুন্সিপাড়া এলাকায় ছোট বোনের বাড়িতে থাকতেন কবি আবুবকর সিদ্দিক। তিনি পাঁচ কন্যা ও এক পুত্র সন্তানের জনক। তার কন্যাদের একজন সাবেক প্রেসিডেন্ট হুসেইন মুহম্মদ এরশাদের সাবেক স্ত্রী বিদিশা সিদ্দিক। আবুবকর সিদ্দিক ছিলেন একাধারে কবি, ঔপন্যাসিক, ছড়াকার, ছোটগল্পকার ও সমালোচক। সাহিত্যে অবদানের জন্য তিনি বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার (১৯৮৮) পেয়েছিলেন। তার প্রকাশিত বইয়ের মধ্যে রয়েছে ২০টির অধিক কাব্যগ্রন্থ, চারটি উপন্যাস, ১৫টি গল্পগ্রন্থ ও একটি ছড়া গ্রন্থ।