পদ্মা সেতুর উদ্বোধন ঘিরে দেশ-বিদেশেসহ আন্তর্জাতিক মহলে নানা ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।
গতকাল বিকালে মুন্সীগঞ্জের শিমুলিয়া ঘাট ও মাদারীপুরের শিবচরের বাংলাবাজার ফেরিঘাট এলাকায় নির্মাণাধীন পদ্মা সেতুর উদ্বোধনী জনসভাস্থল পরিদর্শনে এসে তিনি এসব কথা বলেন।
এ সময় প্রতিমন্ত্রী বলেন, পদ্মা সেতু নির্মাণের শুরু থেকেই যেহেতু আন্তর্জাতিক ষড়যন্ত্রকারীদের পাশাপাশি দেশীয় ষড়যন্ত্রকারীরা জড়িত ছিল, তাই সেতুর উদ্বোধনী অনুষ্ঠানেও যেকোনো ধরনের বড় ষড়যন্ত্র হতে পারে বলে ধারণা করা হচ্ছে। এছাড়া ষড়যন্ত্রকারীরা প্রকাশ্যেই কথা বলছে। তাই উদ্বোধনী অনুষ্ঠান ঘিরে নৌপথে বাড়তি সতর্কতার পাশাপাশি নেয়া হচ্ছে বেশ কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা।
পদ্মা সেতু উদ্বোধনের দিন প্রধানমন্ত্রীর জনসভাস্থলে ৭ মার্চের মতো মানুষের ঢল নামবে আশা রেখে প্রতিমন্ত্রী আরো বলেন, জনসভাস্থল ও উদ্বোধনী অনুষ্ঠানে ১০, ২০ কিংবা ২৫ লাখ মানুষের সমাগম হবে। একাত্তরের ৭ মার্চের বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণ শুনতে যেমন সাত কোটি মানুষ যুক্ত হয়েছিল, ২৫ জুন তেমনি দেশের ১৭ কোটি মানুষ যুক্ত হবে।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন বিআইডব্লিউটিএর চেয়ারম্যান কমডোর গোলাম সাদেকসহ বিআইডব্লিউটিসি ও নৌ-নিরাপত্তা বিভাগের বিভিন্ন সদস্যরা।










