যশোরে ৩৬টি স্বর্ণবারসহ তিন যুবককে আটক করেছে বিজিবি। গতকাল সদর উপজেলার কোদালিয়া ও তারাগঞ্জ বাজারে পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। জব্দ করা স্বর্ণের বাজারদর ৭ কোটি ৮৯ লাখ ৫৩ হাজার ৬৬৮ টাকা বলে জানিয়েছে বিজিবি।

আটককৃতরা হলেন মানিকগঞ্জের সিংগাইর উপজেলার আঙ্গারিয়া সিংগাইর গ্রামের আকরাম হোসেনের ছেলে আশরাফুল ইসলাম সাজিদ (২৩), যশোর শহরের বারান্দিপাড়া এলাকার নূর মোহাম্মদের ছেলে জাহিদ হোসেন (২৬) ও ঝিকরগাছা উপজেলার ফতেপুর গ্রামের আনন্দ চন্দ্র দাসের ছেলে সুজন কুমার বাপ্পি (৩৪)।

বিজিবি জানায়, গতকাল সকালে কোদালিয়া ও তারাগঞ্জ বাজার এলাকায় অভিযান পরিচালনা করে ওই তিনজনকে আটক করা হয়। এ সময় তাদের শরীর তল্লাশি করে মানিব্যাগ ও কোমরে বিশেষভাবে লুকিয়ে রাখা ৩৬টি স্বর্ণবার উদ্ধার করা হয়।

৪৯ বিজিবি যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী বলেন, ‘তারা স্বর্ণবারগুলো ঢাকা থেকে যশোর হয়ে ভারতে পাচার করার উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল। মানিকগঞ্জ ও রাজধানীর যাত্রাবাড়ী এলাকার চোরাকারবারিদের কাছ থেকে এগুলো তারা সংগ্রহ করেন। তাদের বিরুদ্ধে মামলা দিয়ে যশোর কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। জব্দকৃত স্বর্ণ ট্রেজারিতে জমা দেয়া হয়েছে।’