মেহেরপুরের গাংনীতে যাত্রীবাহী বাসের ধাক্কায় শরিফুল ইসলাম (৫০) নামে এক স্কুলশিক্ষক
নিহত হয়েছেন। আজ শনিবার (২৫মার্চ) দুপুর আড়াইটার দিকে গাংনী উপজেলা শহরের কাথুলী মোড়ে
এ দুর্ঘটনা ঘটে। নিহত স্কুল শিক্ষক মেহেরপুর সদর উপজেলার কুতুবপুর গ্রামের রফাতুল্লাহের
ছেলে ও শোলমারী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক।
প্রত্যক্ষদর্শীরা জানান,
শরিফুল ইসলাম মোটরসাইকেল যোগে গাংনী শহরের কাথুলী মোড় হয়ে কুতুবপুরে যাওয়ার সময় হাজি
রাবেয়া পরিবহনের একটি দ্রুতগামী যাত্রীবাহী বাস (মেহেরপুর-জ-১১০০৬) তাকে ধাক্কা দেয়।
গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে
নেয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে
বামন্দি নামক স্থানে পৌঁছালে তার মৃত্যু হয়।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘাতক বাস আটক করে থানা হেফাজতে নেওয়া হয়েছে। তবে চালক ও সহকারী পলাতক। তাদের আটকের চেষ্টা করছে পুলিশ।










