শিক্ষা জাতীয়করণ দাবিতে ময়মনসিংহে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছেন শিক্ষকরা। গতকাল নগরীর ফিরোজ জাহাঙ্গীর চত্বরে বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ) কেন্দ্রীয় কমিটি ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন বিটিএ ময়মনসিংহ জেলা শাখার সভাপতি মো. চাঁন মিয়া। সংগঠনের সাধারণ সম্পাদক মো. আনোয়ার হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিটিএ কেন্দ্রীয় কমিটির সহসভাপতি শামছুন্নাহার বেগমসহ প্রমুখ।
১১ জুন তিন দিনব্যাপী ধর্মঘট শুরু হয়। শেষ দিন বিভিন্ন উপজেলা থেকে আসা শিক্ষকের উপস্থিতিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ হয়। সভায় বক্তারা বলেন, ‘বর্তমানে বাংলাদেশের মাধ্যমিক শিক্ষার প্রায় ৯৫ শতাংশ বেসরকারি শিক্ষক-কর্মচারীদের মাধ্যমে পরিচালিত হয়। পরিতাপের বিষয় হলো একই কারিকুলামের অধীনে একই সিলেবাস, একই একাডেমিক সময়সূচি, একই প্রশ্নপত্র প্রণয়ন ও উত্তরপত্র মূল্যায়নের কাজে নিয়োজিত থেকেও সরকারি-বেসরকারি শিক্ষক-কর্মচারীদের মধ্যে বৈষম্য করা হচ্ছে।’
এমপিওভুক্ত শিক্ষকরা মাত্র ২৫ শতাংশ উৎসব ভাতা, ১ হাজার টাকা বাড়িভাড়া এবং ৫০০ টাকা চিকিৎসা ভাতা পান। বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানপ্রধানদের বেতনও কম। বেতনের এ বৈষম্যের কারণে শিক্ষকদের মধ্যে অসন্তোষ বিরাজ করছে।
অবসরে যাওয়ার পর অবসর সুবিধা ও কল্যাণ ট্রাস্টের টাকা পেতে বেসরকারি শিক্ষক-কর্মচারীদের কয়েক বছর অপেক্ষা করতে হয়। ফলে অনেক শিক্ষক-কর্মচারী অর্থাভাবে বিনা চিকিৎসায় মৃত্যুবরণ করেন।










