ফেনী-কুমিল্লাসহ কয়েকটি জেলার ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তায় চট্টগ্রামের প্রাথমিক শিক্ষক ও কর্মকর্তারা একদিনের মূল বেতন জমা দিয়েছেন। বুধবার (৪ সেপ্টেম্বর) তারা মোট ৮৩ লাখ ৫৯ হাজার ৯৯৫ টাকা প্রধান উপদেষ্টার তহবিলে জমা দেন।

চট্টগ্রাম জেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, ২১টি উপজেলার শিক্ষকরা ৮২ লাখ ৯৪ হাজার ৪২৩ টাকা এবং কর্মকর্তারা ৬৫ হাজার ৫৭২ টাকা দিয়েছেন। রাউজান উপজেলা থেকে সর্বোচ্চ ৭ লাখ ৫ হাজার ৩১০ টাকা জমা হয়েছে। তবে বন্যায় ক্ষতিগ্রস্ত মিরসরাই উপজেলার কেউ তহবিলে অংশ নেননি।

সহকারী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. রবিউল হোসেন মহাপরিচালকের কার্যালয়ে বেতনের টাকা জমা দেয়ার এ চিঠি পাঠান।

এর আগে বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তায় প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সারা দেশের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের একদিনের মূল বেতন প্রধান উপদেষ্টার তহবিলে জমা দেয়ার সিদ্ধান্ত নেয়।