জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) মহাসড়কের হোটেল ও রেস্তোরাঁগুলোতে বাধ্যতামূলকভাবে ইলেকট্রনিক ফিসক্যাল ডিভাইস (ইএফডি) অথবা সেলস ডাটা কন্ট্রোলার (এসডিসি) স্থাপনের নির্দেশ দিয়েছে। মহাসড়কে অবস্থিত এসব ব্যবসায়িক প্রতিষ্ঠান ইলেকট্রনিক ভ্যাট চালান ইস্যু না করায় সরকারি কোষাগারে যথাযথ পরিমাণ ভ্যাট জমা হচ্ছে না বলে নিয়মিত অভিযোগ আসছিল। এমন প্রেক্ষিতে এনবিআর এমন সিদ্ধান্ত নিয়েছে।
আজ রোববার (২ মার্চ) এনবিআর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অনেক রেস্তোরাঁ ২৪ ঘণ্টা ব্যবসা পরিচালনা করলেও আদায়কৃত ভ্যাট সঠিকভাবে জমা দেয় না। তাই ভ্যাট ফাঁকি রোধ ও স্বচ্ছতা আনতে এনবিআরের চেয়ারম্যান সম্প্রতি মহাসড়কের সব হোটেল ও রেস্তোরাঁয় ইএফডি অথবা এসডিসি মেশিন স্থাপনের নির্দেশনা দিয়েছেন।
এনবিআরের মূসক বাস্তবায়ন অনুবিভাগ থেকে মাঠপর্যায়ের সব কমিশনারকে চিঠি দিয়ে বলা হয়েছে, এসব ব্যবসা প্রতিষ্ঠানে ইএফডি বা এসডিসি মেশিন স্থাপন নিশ্চিত করতে হবে এবং প্রতিদিনের লেনদেন নিয়মিত মনিটর করে যথাযথ পরিমাণ ভ্যাট আদায় করতে হবে।
এদিকে সরকার রাজস্ব আদায় বাড়াতে নতুন করদাতা চিহ্নিতকরণ, ভ্যাটের হার পুনর্নির্ধারণ ও কর ফাঁকি বন্ধে নানা পদক্ষেপ নিয়েছে। এনবিআর কর্মকর্তাদের করদাতাদের সঙ্গে সেবামূলক মনোভাব বজায় রেখে আইনানুগভাবে রাজস্ব আদায়ের নির্দেশনা দেয়া হয়েছে।
এনবিআর সংবাদ বিজ্ঞপ্তিতে আরো জানিয়েছে, ভোক্তাদের মহাসড়কের রেস্তোরাঁ থেকে খাবার কেনার সময় ইলেকট্রনিক চালান নিতে হবে। চালান ছাড়া ভ্যাট পরিশোধ করলে তা সরকারি কোষাগারে জমা হবে না।
উল্লেখ্য, এনবিআর প্রতি মাসে ইএফডি মেশিন থেকে জেনারেট করা চালানের ভিত্তিতে লটারি আয়োজন করে। এতে বিজয়ীদের শতাধিক পুরস্কার দেয়া হয়।










