কুমিল্লায় ‘জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ’-এর ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। সোমবার (১৪ জুলাই) সকাল ১১টায় কুমিল্লা আলেখাচর বিশ্বরোড এলাকায় স্মৃতিস্তম্ভের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. আমিরুল কায়ছার।
উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক বলেন, ‘গত বছরের ৪ আগস্ট এ জায়গাতেই ছাত্র-জনতার ওপর নির্মমভাবে হামলা চালানো হয়েছিল। এ আন্দোলনে যারা শহীদ হয়েছেন, তাদের প্রতি শ্রদ্ধা জানাতেই এখানে ‘জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ’-এর ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। স্মৃতিফলকে সব শহীদের নাম অন্তর্ভুক্ত থাকবে।’
উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন—কুমিল্লা জেলা পুলিশ সুপার মো. নাজির আহমদ খান, কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী আবু, দক্ষিণ জেলা বিএনপির সদস্যসচিব আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, অতিরিক্ত জেলা প্রশাসক পঙ্কজ বড়ুয়া, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম, সিভিল সার্জন ডা. মো. আলী নূর মোহাম্মদ বশির, এনসিপি নেতা মাছুমুল বারী কাউসার এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমাতুজ জোহরা।










