সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও দফতরের নয়জন সিনিয়র সচিব ও সচিব পদমর্যাদায় দায়িত্বপ্রাপ্তদের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করেছে সরকার। সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের আলাদা আলাদা প্রজ্ঞাপনে এ নিয়োগ বাতিল করা হয়। এতে বলা হয়, এ অফিস আদেশ শিগগিরই কার্যকর হবে।
চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল সচিবরা হলেন, পরিকল্পনা কমিশনের সদস্য (সিনিয়র সচিব) এ এম আকমল হোসেন আজাদ, ভূমি আপিল বোর্ডের চেয়ারম্যান (সিনিয়র সচিব) মোহাম্মদ ইউসূফ, মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মমতাজ আহমেদ, তথ্য ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব শীষ হায়দার চৌধুরী, বিশ্ব ব্যাংকের বিকল্প নির্বাহী পরিচালক বেগম শরিফা খান, স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মো. সাইদুর রহমান, জাতীয় পরিকল্পনা ও উন্নয়ন একাডেমির মহাপরিচালক (সিনিয়র সচিব) সিদ্দিক জোবায়ের, পরিকল্পনা কমিশনের সদস্য (সিনিয়র সচিব) মো. মোখলেস উর রহমান ও পরিকল্পনা কমিশনের কাইয়ুম আরা বেগম।
এদিন সন্ধ্যায় তিনটি পৃথক প্রজ্ঞাপনের মাধ্যমে অন্য তিন সচিবকে তাদের পদ থেকে সরিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে। তারা হলেন, ধর্ম মন্ত্রণালয়ের সচিব মো. কামাল উদ্দিন, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব মো. সাইফুল্লাহ পান্না এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব রেহানা পারভীন।









