কক্সবাজারের রোহিঙ্গা শরণার্থীশিবির পরিদর্শন করেছে মার্কিন যুক্তরাষ্ট্রের কংগ্রেসের একটি প্রতিনিধি দল। গতকাল সকালে তারা কক্সবাজার বিমানবন্দরে এসে পৌঁছে সেখান থেকে সরাসরি রোহিঙ্গা ক্যাম্পে যান। কংগ্রেসম্যানদের মধ্যে একজন যুক্তরাষ্ট্রের ক্ষমতাসীন ডেমোক্রেটিক পার্টির কংগ্রেস সদস্য এড কেইস ও অন্যজন রিপাবলিকান পার্টির রিচার্ড ম্যাকরমিক। তারা দুজন যুক্তরাষ্ট্রের রোহিঙ্গাদের সহায়তা প্রদানের লক্ষ্যে গঠিত আর্থিক তহবিলসংক্রান্ত কমিটির সদস্য। তারা ১১ সদস্যবিশিষ্ট প্রতিনিধি দলের নেতৃত্ব দেন। 

শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কার্যালয়ের অতিরিক্ত কমিশনার শামসুদ্দৌজা নয়ন জানিয়েছেন, সকালে কংগ্রেসের প্রতিনিধি দল কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থীদের সমন্বয় সংস্থা ইন্টার সেক্টর কো-অর্ডিনেশন গ্রুপের অফিসে জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনএইচসিআর, আন্তর্জাতিক অভিবাসন সংস্থা আইওএমসহ ইউএনের বিভিন্ন সংস্থার কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। পরে বেলা সাড়ে ১১টার দিকে কংগ্রেস প্রতিনিধি দল রোহিঙ্গা শরণার্থীশিবির পরিদর্শন করে। সেখানে প্রতিনিধি দল ১২ নম্বর ক্যাম্পে রোহিঙ্গাদের রেজিস্ট্রেশন কার্যক্রম, ১১ নম্বর ক্যাম্পে শরণার্থীদের লার্নিং সেন্টার ও জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি পরিচালিত ই-ভাউচার সেন্টার পরিদর্শন করে। দুপুরে কংগ্রেস প্রতিনিধি দল কুতুপালং ক্যাম্পে রোহিঙ্গা জনগোষ্ঠীর একটি প্রতিনিধি দলের সঙ্গে মতবিনিময় করে।

তারা রোহিঙ্গাদের জন্য ব্যয় বরাদ্দ খতিয়ে দেখাসহ সামগ্রিক আর্থিক অবস্থা পর্যবেক্ষণ করেন। সর্বশেষ বিকাল সাড়ে ৫টায় কক্সবাজারে অবস্থিত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের কার্যালয়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। কংগ্রেস প্রতিনিধি দল কক্সবাজার সফরকালে রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প সফর করে রোহিঙ্গাদের আর্থিক অবস্থাসহ সামগ্রিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।