গাজীপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতাকে লক্ষ করে গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। তবে গুলি তার শরীরে লাগেনি। এ সময় দুর্বৃত্তরা তার কাছ থেকে একটি মোটরসাইকেল ছিনিয়ে নিয়ে যায়। গতকাল দুপুরে বাসন থানার মোগরখাল যোগীতলা দক্ষিণপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
হামলার শিকার হাবিব চৌধুরী এনসিপির গাজীপুর মহানগর কমিটির সদস্য। তিনি মোগরখাল এলাকায় বসবাস করেন। তিনি নারায়ণগঞ্জের সোনারগাঁও থানার ব্রাহ্মণ বাউগা গ্রামের ফটিক চানের ছেলে।
হাবিব চৌধুরী বলেন, ‘মোটরসাইকেল কেনার কথা বলে দুই যুবক আমার সঙ্গে দেখা করেন। পরে টেস্ট ড্রাইভ করার কথা বলে একজন উঠে পড়েন, অন্যজন আমাকে লক্ষ করে গুলি ছোড়েন। সৌভাগ্যক্রমে গুলি লাগেনি। এরপর তারা মোটরসাইকেল নিয়ে পালিয়ে যান।’
এ বিষয়ে এনসিপির উত্তরাঞ্চলীয় যুগ্ম মুখ্য সমন্বয়ক আলী নাছের খান বলেন, ‘এটি একটি পরিকল্পিত ঘটনা। ফাঁদ পেতে জুলাইযোদ্ধা হাবিব চৌধুরীকে পরিকল্পিতভাবে গুলি করা হয়। তার শরীরে গুলি লাগলে তিনিও হাদির মতো নিহত হতেন। হাদিকে যেভাবে গুলি করা হয়েছিল ঠিক হাবিব চৌধুরীকেও একইভাবে গুলি করা হয়।’
বাসন থানার ওসি হারুন অর রশীদ জানান, এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে পুলিশের অভিযান চলছে।










