মিয়ানমারে চলমান অভ্যন্তরীণ সংঘর্ষের পরিপ্রেক্ষিতে দেশটির সামরিক বাহিনী রাখাইন রাজ্যে আরাকান আর্মির বিরুদ্ধে যৌথ অভিযান পরিচালনা করছে। মিয়ানমারের সামরিক বাহিনী ও আরাকান আর্মির এ সংঘর্ষের কারণে নাফ নদী এবং নদী সংলগ্ন মোহনায় বাংলাদেশী বোটের ওপর অনাকাঙ্ক্ষিত গুলির ঘটনা ঘটছে।

সেন্ট মার্টিনের নিকটবর্তী হওয়ায় এ সংঘর্ষকে কেন্দ্র করে স্বার্থান্বেষী মহল সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়াচ্ছে। সবাইকে এ ধরনের গুজবে বিভ্রান্ত না হওয়ার জন্য অনুরোধ জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

রোববার (১৬ জুন) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বাংলাদেশ সশস্ত্র বাহিনীর এ সংবাদ পরিদপ্তর।

নাফ নদী ও নদী সংলগ্ন মোহনায় বাংলাদেশী বোটের ওপর গুলির ঘটনা বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় গভীর উদ্বেগ প্রকাশ করে গত ১২ জুন প্রতিবাদ জানায়। এ বিষয়ে আইএসপিআর জানায়, এরই ধারাবাহিকতায় মিয়ানমার নৌবাহিনী সেন্ট মার্টিন দ্বীপের অদূরে তাদের সমুদ্র সীমা এবং নাফ নদীর সীমানায় আরাকান আর্মির অবস্থান লক্ষ্য করে গুলি ছোড়ে। একই সঙ্গে আরাকান আর্মিও মিয়ানমার নৌবাহিনীর জাহাজ ও বোট লক্ষ করে গুলি চালায়।

বর্তমানে মিয়ানমার সীমান্তে দেশটির নৌবাহিনীর একাধিক যুদ্ধজাহাজ অভিযান পরিচালনা করছে। সেন্ট মার্টিনের অদূরে নিজেদের সমুদ্র সীমায় অবস্থানের ক্ষেত্রেও তারা বাংলাদেশ নৌবাহিনীকে অবহিত করেছে।

আইএসপিআর আরো জানায়, মিয়ানমারের অভ্যন্তরীণ সংঘর্ষটি তাদের মূল ভূখণ্ড এবং তৎসংলগ্ন উপকূলীয় এলাকায় চলমান। সেন্ট মার্টিন দ্বীপের পাশে বাংলাদেশ নৌবাহিনী ও কোস্ট গার্ডের একাধিক জাহাজ মিয়ানমারের জাহাজের গতিবিধি পর্যবেক্ষণসহ বাংলাদেশের সমুদ্রসীমায় থেকে নিয়মিত টহল পরিচালনা করছে।

মিয়ানমারের চলমান এ অভ্যন্তরীণ সংঘর্ষ সেন্ট মার্টিনের নিকটবর্তী হওয়ায় একে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়ায় স্বার্থান্বেষী মহল গুজব ছড়াচ্ছে। আইএসপিআর সবাইকে এ ধরনের গুজবে বিভ্রান্ত না হওয়ার জন্য অনুরোধ জানিয়েছে।