বায়ুদূষণে শীর্ষে ঢাকা, এমন শিরোনামে খবর প্রায়ই দেখা যায়। তবে সরকারি ছুটির দিন হওয়ায় এ শহরের বাতাসে ব্যাপক পরিবর্তন দেখা গেছে। বিশ্বের শীর্ষ দূষিত বাতাসের শহরে তালিকার শীর্ষ থেকে অনেকটা নিচের দিকে আজ ঢাকার অবস্থান।

আজ শনিবার (২৫ এপ্রিল) সকাল ১০টার দিকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ারের তালিকায় রাজধানী ঢাকার অবস্থান ছিল ১৩তম। এদিন সকালে শহরের এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) স্কোর ছিল ৯৬; যা মাঝারি বা সহনীয় বলে গণ্য করা হয়।

সংস্থাটির তথ্য বলছে, ২৪৬ স্কোর নিয়ে আজ বায়ুদূষণে শীর্ষে রয়েছে ভারতের শহর ‘দিল্লি’, যা এখানকার বাতাসের মান নাগরিকদের জন্য ‘অস্বাস্থ্যকর’। একই সময় ১৬৪ স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে চীনের শহর ‘চেংডু’, যা অস্বাস্থ্যকর বলে গণ্য হবে।

বৈশ্বিক মানদণ্ড অনুযায়ী, বায়ুমান সূচক ৫০-এর নিচে থাকলে বিশুদ্ধ বাতাস ধরা হয়। ৫১-১০০ হলে তা সহনীয়। ১০১-১৫০ এর মধ্যে হলে সতর্কতামূলক বা সংবেদনশীল মানুষের (শিশু ও বয়স্ক ব্যক্তি) জন্য অস্বাস্থ্যকর। ১৫১-২০০ হলে সবার জন্য অস্বাস্থ্যকর এবং সূচক ২০১ থেকে ৩০০ হলে বাতাসকে খুব অস্বাস্থ্যকর বলা হয়। আর সূচক ৩০০ ছাড়ালে সেই বাতাস দুর্যোগপূর্ণ।