টাঙ্গাইল জেলার শ্রেষ্ঠ (প্রথম) এসএমই কৃষক নির্বাচিত হয়েছেন সদর উপজেলার পোড়াবাড়ী ইউনিয়নের মো. আনিসুর রহমান আনিস। গতকাল দুপুরে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কার্যালয়ে সরিষার চাষ ভালো করায় তাকে শ্রেষ্ঠ কৃষক নির্বাচিত করা হয়।
জেলার শ্রেষ্ঠ হওয়ায় তাকে সনদ ও পুরস্কার তুলে দেন কৃষি সম্প্র্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আহ্সানুল বাসার।
এ সময় কৃষি সম্প্র্রসারণ অধিদপ্তরের অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জেলা কৃষি সম্প্র্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, ২০২০-২১ অর্থবছরে কৃষক পর্যায়ে উন্নতমানের ডাল, তেল ও মসলা বীজ উৎপাদন এবং সংরক্ষণ ও বিতরণ (তৃতীয় পর্যায়) প্রকল্পের আওতায় আনিসুর রহমান তেল জাতীয় ফসলের উৎপাদন সংরক্ষণ ও বিতরণ সফলভাবে সম্পন্ন করার কারণে তাকে প্রথম করা হয়েছে।
আনিসুর রহমান আনিস বলেন, ৪৫ বছর ধরে আমি কৃষিকাজের সঙ্গে জড়িত।
এ বছর আমি কৃষি অফিসের সার্বিক সহযোগিতায় দুই একর জমিতে সরিষার চাষ করে ৪৮ মণ সরিষা উৎপাদন করেছি।
যার বাজার মূল্য প্রায় ২ লাখ টাকা।
দুই একর জমিতে সরিষা চাষ করতে বীজ, হাল চাষসহ খরচ প্রায় ১২ হাজার টাকা।
কিন্তু সরকারের পক্ষ থেকে সবকিছুই আমি ফ্রিতে পেয়েছি।










