বান্দরবানের থানচি উপজেলায় সাঙ্গু নদে ইঞ্জিনচালিত দুই নৌকার মুখোমুখি সংঘর্ষে এক মাঝি নিহত হয়েছেন। গতকাল সকাল ১০টার দিকে উপজেলার তিন্দু ইউনিয়নের অভ্যন্তরে নদের পদ্মমুখ এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মাঝি সামংগ্য ত্রিপুরা (৪৮) উপজেলার রোমাক্রি ইউনিয়নের ক্যসাপ্রুপাড়ার বাসিন্দা।
পুলিশ জানায়, গতকাল সকাল সাড়ে ৯টার দিকে থানচি থেকে যাত্রী নিয়ে রেমাক্রির উদ্দেশে একটি ইঞ্জিনচালিত নৌকা রওনা দেয়। পথে পদ্মমুখ এলাকায় পৌঁছলে সাঙ্গু নদের উজানের দিকে থেকে আসা অন্য একটি ইঞ্জিনচালিত নৌকার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এ ঘটনায় সামংগ্য ত্রিপুরা নামের এক মাঝি আহত হন। স্থানীয়রা আহত ব্যক্তিকে উদ্ধার করে থানচি উপজলো স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন থানচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইমদাদুল হক।










