ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার ছিটকি এলাকার সাতানী বাজারে ভাড়ানি খালের ওপর নির্মিত একটি লোহার সেতু ভেঙে খালে পড়ে গেছে। গতকাল বিকালে অতিরিক্ত পাথরবোঝাই ট্রাকের চাপে সেতুটি ভেঙে যায়। এতে ওই এলাকার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। তবে এতে হতাহতের খবর পাওয়া যায়নি।
স্থানীয়রা জানায়, কাঁঠালিয়া-রাজাপুর আঞ্চলিক মহাসড়কের সাতানী বাজারের ভাড়ানি খালের ওপর নির্মিত সেতুটি দীর্ঘদিন ধরেই ঝুঁকিপূর্ণ অবস্থায় ছিল। গতকাল বিকালে রাজাপুর কাঁঠালিয়া আঞ্চলিক মহাসড়কের চলমান কাজের পাথর নিয়ে একটি ট্রাক রাজাপুর থেকে কাঁঠালিয়া যাচ্ছিল। ট্রাকটি সেতুর মাঝামাঝি গেলে সেতুটি ভেঙে ট্রাকসহ খালে পড়ে যায়। ট্রাকের ড্রাইভার ও সহকারী সামান্য আহত হয়েছেন। তারা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন। সেতুর দুই পারে যানবাহন আটকা পড়েছে।
এ ব্যাপারে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের নির্বাহী প্রকৌশলী শেখ নাবিল আহম্মেদ বলেন, আমাদের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। আমরা তিন থেকে চারদিনের মধ্যেই এখানে একটি বেইলি ব্রিজ নির্মাণ করে যাতায়াত ব্যবস্থা স্বাভাবিক করতে পারব।










