কক্সবাজারের কলাতলী সমুদ্র এলাকায় বিশেষ অভিযানে দেশীয় অস্ত্র ও আগ্নেয়াস্ত্র, তাজা কার্তুজসহ ১৯ জনকে আটক করেছে বাংলাদেশ কোস্টগার্ড। গতকাল কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বিষয়টি নিশ্চিত করেন।

কোস্টগার্ড জানায়, শুক্রবার রাতে টহলরত কোস্টগার্ডের অভিযানের সময় একটি সন্দেহভাজন বোট থেকে কোস্টগার্ডকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়। কোস্টগার্ড পাল্টা গুলি চালালে ডাকাত দলের সদস্য মো. আনিস (৪০) গুলিবিদ্ধ হন। পরে দীর্ঘসময় ধাওয়া করে বোটটি আটক করা হয়। তল্লাশি চালিয়ে বোট থেকে একটি দেশীয় আগ্নেয়াস্ত্র, দুই রাউন্ড তাজা কার্তুজ ও ১১টি দেশীয় অস্ত্রসহ ১৯ জন ডাকাতকে আটক করা হয়। এছাড়া গুলিবিদ্ধ ডাকাত দলের সদস্য মো. আনিসকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হলে শনিবার তাকে মৃত ঘোষণা করা হয়।

আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জব্দকৃত আলামতসহ কক্সবাজার মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।