২০১৭-১৮ শিক্ষাবর্ষে দুটি অনুষদের তিনটি বিভাগে ১০৫ শিক্ষার্থী নিয়ে যাত্রা শুরু করে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়। শুরুতে সিরাজগঞ্জের শাহজাদপুর মহিলা ডিগ্রি কলেজের নবনির্মিত ভবন অস্থায়ী ক্যাম্পাস হিসেবে ব্যবহারের সিদ্ধান্ত নেয়া হয়। পরে মাওলানা ছাইফ উদ্দিন এহিয়া কলেজকেও অস্থায়ী একাডেমিক ভবন-২ হিসেবে ব্যবহার করার সিদ্ধান্ত নেয়া হয়। বিভিন্ন সময় শিক্ষক-শিক্ষার্থীরা দাবি জানালেও স্থায়ী ক্যাম্পাস নির্মিত হয়নি। স্থায়ী ক্যাম্পাসের দাবিতে গতকালও যমুনা সেতু পশ্চিম মহাসড়কের সিরাজগঞ্জের হাটিকুমরুল গোলচত্বর এলাকায় অবরোধ করেন শিক্ষার্থীরা। এ সময় ঢাকা-রাজশাহী, ঢাকা-পাবনা ও ঢাকা-রংপুর রুটে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে দুপুর সাড়ে ১২টার দিকে অবরোধ তুলে নিলে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের সব রুটে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।
এর আগে গত বৃহস্পতিবার দুপুরে হাটিকুমরুল গোলচত্বর এলাকায় মানববন্ধন কর্মসূচিতে উত্তরবঙ্গ অচল করে দেয়ার ৪৮ ঘণ্টার আলটিমেটাম দেন শিক্ষার্থীরা। গতকাল সে সময় পার হওয়ায় উত্তরবঙ্গের সব মহাসড়ক বন্ধ করে দেন তারা।
হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি মো. আব্দুর রউফ জানান, শিক্ষার্থীরা মহাসড়কে অবস্থান নেয়ায় প্রায় দেড় ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ ছিল। তাদের বিভিন্নভাবে বোঝানো হয়। তবে অনড় অবস্থানে থাকেন শিক্ষার্থীরা। প্রায় দেড় ঘণ্টা পর শিক্ষার্থীরা অবরোধ তুলে নিলে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের সব রুটের যানবাহন চলাচল স্বাভাবিক হয়।
শিক্ষার্থীরা বলেন, নয় বছর ধরে একটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম চলছে ভাড়া করা ভবনে। বিশ্বকবির নামে প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয়টির প্রতি অবিচার করা হয়েছে। সাত দফায় উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) সংশোধন করে ৯ হাজার ২৩৪ কোটি টাকার প্রকল্প নেয়া হয়। ব্যয় কমিয়ে ৫১৯ কোটি ৫০ লাখ টাকায় নামিয়ে আনার পরও প্রকল্পটি একনেক সভার এজেন্ডায় অন্তর্ভুক্ত হয়নি।










