কক্সবাজারের টেকনাফে কৃষক কার্ড বিতরণ অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপি মানুষের কাছে যে প্রতিশ্রুতি দেয়, তা বাস্তবায়নে কাজ করে যাচ্ছে। আজ মঙ্গলবার (১৪ এপ্রিল) দুপুরে টেকনাফে কৃষক কার্ড বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ভোটের পরপরই প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দল প্রতিশ্রুতি বাস্তবায়নের কাজ শুরু করেছে। নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী পরিবার কার্ড, কৃষক কার্ড, স্বাস্থ্য কার্ড, ইমাম-মুয়াজ্জিন ও বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের দায়িত্বশীলদের ভাতা এবং সাবেক ও বর্তমান খেলোয়াড়দের ভাতা চালুর কাজ এগিয়ে চলছে।

মন্ত্রী বলেন, দেশে গণতান্ত্রিক ধারায় সামাজিক সচেতনতা বাড়ছে। আইনশৃঙ্খলা বাহিনী তাদের দায়িত্ব পালন করবে। দেশকে মাদকমুক্ত করতে শিগগিরই অভিযান শুরু হবে। কক্সবাজারসহ দেশের বিভিন্ন স্থানে মানব পাচার হচ্ছে উল্লেখ করে তিনি জানান, এটি রোধে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশনা দেয়া হয়েছে। জুয়া ও অনলাইন জুয়া বন্ধেও কার্যকর ব্যবস্থা নেয়া হচ্ছে, যা বর্তমানে সামাজিক সমস্যা হয়ে দাঁড়িয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশ কৃষিনির্ভর দেশ। কৃষকের অবস্থান শক্তিশালী হলে দেশও এগিয়ে যাবে। এ লক্ষ্যেই খাল খনন কর্মসূচি শুরু হয়েছে। কৃষকদের ১০ হাজার টাকার কৃষিঋণ সুদসহ মওকুফ করা হয়েছে।

এ সময় তিনি নববর্ষের প্রথম দিনে কৃষক কার্ড বিতরণকে জাতীয় জীবনে গুরুত্বপূর্ণ ঘটনা হিসেবে উল্লেখ করেন। এ কার্ডের মাধ্যমে কৃষকরা ন্যায্য মূল্যে কৃষি উপকরণ, সেচ সুবিধা, সহজ শর্তে ঋণ, স্বল্প মূল্যে যন্ত্রপাতি, সরকারি সহায়তা, ফসলের চিকিৎসা, প্রশিক্ষণ, আবহাওয়া ও বাজার তথ্য এবং কৃষি বীমার সুবিধা পাবেন।

কৃষি বিভাগের পাইলট প্রকল্পের আওতায় টেকনাফ উপজেলায় মোট ১ হাজার ৬৯৮ জন কৃষক এ কর্মসূচিতে অন্তর্ভুক্ত হয়েছেন। এর মধ্যে ১ হাজার ৪৬৩ জন কৃষক ও ২৩৫ জন কৃষাণী। কার্ডপ্রাপ্তদের মধ্যে ১ হাজার ৬৮৩ জন শস্য চাষী, ২ জন মৎস্য চাষী, ১০ জন প্রাণিসম্পদ খাতের এবং ৩ জন লবণ চাষী। নির্বাচিতদের মধ্যে ১ হাজার ৬৫২ জন ভূমিহীন, প্রান্তিক ও ক্ষুদ্র কৃষক-কৃষাণী প্রণোদনা পাবেন।

টেকনাফ এজাহার বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কক্সবাজার জেলা প্রশাসক মো. আ. মান্নান। বিশেষ অতিথি ছিলেন শাহজাহান চৌধুরী, আলমগীর মুহাম্মদ মাহফুজউল্লাহ ফরিদ, লুৎফুর রহমান কাজল, জেলা পরিষদের প্রশাসক এটিএম নুরুল বশর চৌধুরী এবং পুলিশ সুপার এএনএম সাজেদুর রহমান। স্বাগত বক্তব্য দেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক মোহাম্মদ আলী জিন্নাহ।

অনুষ্ঠান শেষে মন্ত্রী ১০ জন কৃষক ও ৫ জন কৃষাণীর হাতে কৃষক কার্ড ও একটি করে ফলজ চারা তুলে দেন। এর আগে সকালে তিনি টেকনাফ স্থলবন্দর পরিদর্শন করেন।