বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর জিয়ারত ও ফুলেল শ্রদ্ধা জানানোর পর জাতীয় স্মৃতিসৌধের পথে রয়েছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

আইনশৃঙ্খলা বাহিনীর ব্যাপক নিরাপত্তায় শুক্রবার (২৬ ডিসেম্বর) বিকাল পৌনে ৫টায় রাজধানীর শেরেবাংলা নগরে জিয়াউর রহমানের সমাধিস্থলে পৌঁছান তিনি। সেখানে বাবার কবর জিয়ারত ও ফুলেল শ্রদ্ধা জানিয়ে জাতীয় স্মৃতিসৌধের উদ্দেশে রওনা হন।

এদিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আগমন উপলক্ষে জাতীয় স্মৃতিসৌধে ভিড় করেছেন দলটির নেতাকর্মীরা। প্রিয় নেতাকে এক নজর দেখতে সাভার-আশুলিয়াসহ আশপাশের বিভিন্ন এলাকা থেকে আসা নেতাকর্মীরা জাতীয় স্মৃতিসৌধ ও ঢাকা-আরিচা মহাসড়কের দুই পাশে অবস্থান নিয়েছেন।

এদিন দুপুরে সরেজমিনে দেখা গেছে, ঢাকা-আরিচা মহাসড়কের বিশমাইল এলাকা থেকে জাতীয় স্মৃতিসৌধের প্রধান ফটক পর্যন্ত নেতাকর্মী অবস্থান নিয়েছেন। তারা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে স্বাগত জানিয়ে বিভিন্ন স্লোগান দেন।