শীত মৌসুমে ঘন কুয়াশায় যাত্রীবাহী লঞ্চসহ নৌযান চলাচলের ক্ষেত্রে দুর্ঘটনা এড়াতে সতর্কতা অবলম্বনের নির্দেশ দিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। বিশেষ করে নদীপথে হঠাৎ কুয়াশার সৃষ্টি হলে আবহাওয়া স্বাভাবিক না হওয়া পর্যন্ত লঞ্চ ও অন্যান্য নৌযান নিরাপদ স্থানে নিয়ে বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

চাঁদপুর নৌপথে চলাচলকারী সব নৌযানকেও একই নির্দেশনা পালনের কথা বলা হয়েছে। চাঁদপুর বিআইডব্লিউটিএ’র সহকারী পরিচালক আশরাফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, কুয়াশার কারণে নৌপথে দেয়া নির্দেশনা সংশ্লিষ্ট সকলকে মেনে চলতে হবে। 

চাঁদপুর নদী বন্দরের নৌ-নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের উপ-পরিচালক এ কে এম কায়সারুল ইসলাম একটি জরুরি বিজ্ঞপ্তি দেন। এতে উল্লেখ করা হয়, শীত মৌসুমে দেশের বিভিন্ন নৌপথ ঘন কুয়াশায় আচ্ছন্ন থাকায় অভ্যন্তরীণ নৌপথে নৌযান চলাচল বিঘ্নিত হওয়ার পাশাপাশি বড় ধরনের দুর্ঘটনা ঘটার আশঙ্কা থাকে।

নৌযান ও যাত্রী সাধারণের নিরাপত্তার স্বার্থে অভ্যন্তরীণ জাহাজ নৌ-চলাচল বিধিমালা, ২০০১ অনুসরণে কুয়াশায় প্রযোজ্য শব্দ সংকেত এবং প্রযোজ্য অন্যান্য বিধানাবলী ও নির্দেশাবলী অনুসরণপূর্বক নৌযান পরিচালনার জন্য নির্দেশ দেয়া হয়েছে। এ সময় স্ব-স্ব নৌযানের দিকে সতর্ক নজর রাখতে মালিকদের প্রতিও অনুরোধ করা হয়েছে। তাছাড়া নৌপথে চলাচলকারী সকল নৌযানের মাস্টার, ড্রাইভার, সুকানি,গ্রিজার ও সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে।

যেকোনো বিরূপ অবস্থা মোকাবেলায় জরুরি প্রয়োজনে নৌযানের মাস্টারদের বিআইডব্লিউটিএ’র কল সেন্টার ১৬১১৩ নম্বরে যোগাযোগ করতে হবে। সেই সঙ্গে অন্যান্য প্রযোজ্য বিধিমালা যথাযথভাবে অনুসরণপূর্বক অতি সাবধানতার সঙ্গে নৌযান ও লঞ্চ পরিচালনা করতে হবে। ধারাবাহিকভাবে অথবা পথিমধ্যে হঠাৎ ঘন কুয়াশার সৃষ্টি হলে আবহাওয়া স্বাভাবিক না হওয়া পর্যন্ত লঞ্চ ও নৌযান, বালুবাহী, মালবাহী কার্গো চলাচল সম্পূর্ণরূপে বন্ধ রাখার নির্দেশ দেওয়া হলো।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, চলমান শীত মৌসুমে কুয়াশা আচ্ছন্ন আবহাওয়ায় যাত্রী ও নৌযানের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে লঞ্চের মাস্টারদের বিআইডব্লিউটিএ’র নৌ-নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগ, বন্দর বিভাগের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ রাখতে হবে। অভ্যন্তরীণ জাহাজ চলাচলে বিধিমালা অনুযায়ী প্রয়োজনীয় সাবধানতা অবলম্বন করে নৌযান পরিচালনার জন্য তাদের নির্দেশ দেওয়া হলো।

কায়সারুল ইসলাম বলেন, বিজ্ঞপ্তি অনুসরণ করে নৌযানগুলোকে চাঁদপুরসহ সকল স্থানে চলাচল করতে হবে। প্রয়োজনে দিনের বেলাতেও নৌযান, লঞ্চের নিরাপত্তা বিধানকল্পে বালুবাহী, মালবাহী কার্গো, নৌযান চলাচল ঘন কুয়াশার কারণে বন্ধ রাখতে হবে। শীত মৌসুমে যাত্রীবাহী লঞ্চসহ অন্যান্য নৌ-দুর্ঘটনা এড়াতে সংশ্লিষ্টদের এই নির্দেশনা দিয়েছে বিআইডব্লিউটিএ। কোনো লঞ্চ ঘাট থেকে ছাড়ার পর ঘন কুয়াশা দেখলে আবহাওয়া স্বাভাবিক না হওয়া পর্যন্ত নিরাপদ স্থানে নিয়ে বন্ধ রাখতে হবে বলেও তিনি জানান।

বিজ্ঞপ্তি জারি পর থেকে চাঁদপুরের নৌযানগুলো তা মেনে চলাচল করছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।