সিরাজগঞ্জের সলঙ্গা থানার হাটিকুমরুল গোলচত্বর এলাকায় ট্রাক-মাইক্রোবাসের সংঘর্ষে একই পরিবারের চারজন নিহত হয়েছেন। আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন মাইক্রোবাসটির চালক। সোমবার (১৯ আগস্ট) ভোর সাড়ে তিনটার দিকে দিকে সিরাজগঞ্জের হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের চড়িয়াশিখা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন মোহাম্মদ জসিম উদ্দিন প্রামাণিক (৬৪), তার দুই ছেলে মোহাম্মদ জামাল উদ্দিন (৪৫) ও মো. কামাল হোসেন (৩২) এবং জসীমউদ্দীনের দ্বিতীয় স্ত্রী নার্গিস খাতুন (৪১)। তাদের বাড়ি রাজশাহী জেলার বাগমারা উপজেলার নরসিংহপুর ভাঙ্গাপাড়া গ্রামে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সলঙ্গা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনামুল হক বলেন, রাত ৩টার দিকে ঢাকা থেকে একটি মাইক্রোবাস রাজশাহীর দিকে যাচ্ছিল। মাইক্রোবাসটি হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের হাটিকুমরুল মৎস্য আড়তের সামনে পৌঁছালে একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এ সময় মাইক্রোবাসটি দুমড়ে-মুচড়ে যায় এবং মাইক্রোবাসে থাকা চারজনের মৃত্যু হয়। এ ঘটনায় গুরুতর আহত হন মাইক্রোবাসের চালক। পরে সলঙ্গা থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে চারজনের মরদেহ উদ্ধার করে এবং আহত চালককে হাসপাতালে পাঠায়।
উল্লাপাড়া ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সাব অফিসার মো. নুরুল ইসলাম বাবু জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে চারজনের মরদেহ উদ্ধার করি। দুর্ঘটনার পরপরই ট্রাকটি নিয়ে চালক পালিয়ে গেছেন।। তিনি আরো জানান, ধারনা করা হচ্ছে নিহতদের মধ্যে কেউ একজন অসুস্থ ছিলেন। ঢাকায় চিকিৎসা শেষে বাড়ি ফিরছিলেন তারা। গাড়ির ভেতরে প্যাথলজিক্যাল বিভিন্ন কাগজপত্র পাওয়া গেছে।










