মুন্সিগঞ্জের গজারিয়ায় মেঘনা পুরাতন ফেরীঘাট এলাকায় নিখোঁজ বাল্কহেড শ্রমিক মো. আতাউর রহমানের (৬০) অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ।
মঙ্গলবার (২২ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে মেঘনা নদী তীরবর্তী চরবলাকী এলাকায় ভাসমান অবস্থায় মরদেহটি দেখতে পান স্থানীয়রা। পরে খবর পেয়ে নিহতের স্বজনদের সহযোগিতায় মরদেহ উদ্ধার করে পুলিশ হেফাজতে নেয়া হয়।
নিহত মো. আতাউর রহমান ঢাকা জেলার ধামরাই উপজেলার ফুলতলা কাকরান গ্রামের মো. জয়নাল আবেদীনের ছেলে।
এর আগে রোববার বিকাল সাড়ে ৫ টার দিকে উপজেলার বালুয়াকান্দী ইউনিয়নের তেতৈতলা মেঘনা ঘাট বাজার সংলগ্ন নদীতে নোঙ্গর করা বাল্কহেড থেকে পড়ে আতাউর রহমান নিখোঁজ হন। পরে ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযান চালিয়েও তার সন্ধান পায়নি। মঙ্গলবার চরবলাকী এলাকা থেকে আতাউর রহমানের মরদেহ উদ্ধার করা হয়।
নিহতের চাচা লোকমান হোসেন বলেন, 'ঘটনার পর বাল্কহেডের মালিকপক্ষ লোক পাঠিয়েছে কিন্তু তারা সরেজমিনে এসে আমাদের সঙ্গে কথা বলেনি।'
গজারিয়া নৌ পুলিশের এসআই জাহাঙ্গীর বলেন, 'পৌনে বারোটায় আমরা খবর পেয়ে মরদেহ উদ্ধার করেছি। স্বজনরা মরদেহ শনাক্ত করেছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।'










