গতকাল মন্ত্রণালয়ে তার অফিস কক্ষে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে রাষ্ট্রদূত সংবাদমাধ্যমে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে দুই দেশের রাষ্ট্রীয় গণমাধ্যমগুলোর মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর এবং ‘বাংলাদেশ-মিসর যৌথ মিডিয়া ফোরাম’ গঠনের প্রস্তাব দেন।

এ সময় তথ্যমন্ত্রী মিডিয়া ব্যবস্থাপনা নিয়ে বর্তমান সরকারের চিন্তাভাবনা ও গৃহীত বিভিন্ন কার্যক্রম রাষ্ট্রদূতের সামনে তুলে ধরেন। তিনি ডিজিটাল যুগে ভুল তথ্য ও অপতথ্য মোকাবেলার ক্ষেত্রে দুই দেশের যৌথ উদ্যোগের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। একই সঙ্গে মন্ত্রী মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করাও অত্যন্ত জরুরি বলে মন্তব্য করেন।

সাক্ষাৎকালে মন্ত্রী দুই দেশের মধ্যে গণমাধ্যম সহযোগিতা আরো জোরদার করার বিষয়ে আগ্রহ প্রকাশ করেন।

এ সময় মিসরের রাষ্ট্রদূত দুই দেশের মধ্যকার ঐতিহাসিক সুসম্পর্কের কথা তুলে ধরেন। এ সম্পর্ক আরো জোরদার করতে বর্তমান সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার আগ্রহও প্রকাশ করেন তিনি। এছাড়া সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে তিনি দুই দেশের জনগণের মধ্যে সরাসরি যোগাযোগ বাড়ানোর ওপরও গুরুত্ব দেন।