চুয়াডাঙ্গা সদর উপজেলায় খরিপ-১ মৌসুমে ১০ হাজার ৬৮০ কৃষক পাচ্ছেন প্রণোদনার সার ও বীজ। গতকাল বেলা ১১টায় কৃষকদের হাতে সার ও বীজ তুলে দিয়ে বিতরণ কর্মসূচি উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মাসুদুর রহমান সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এম সাইফুল্লাহ, চুয়াডাঙ্গা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক (শস্য) কৃষ্ণ রায় ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আওলিয়ার রহমান।
উপজেলা কৃষি কর্মকর্তা আফরিন বিনতে আজিজ জানান, ২০২৪-২০২৫ অর্থবছরে খরিপ-১ প্রণোদনা কর্মসূচির আওতায় উচ্চফলনশীল আউশ, গ্রীষ্মকালীন মুগ ও পাটের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে বিনামূল্যে বীজ ও সার বিতরণ শুরু হয়েছে। প্রণোদনার আওতায় ১০ হাজার ৫০০ কৃষক উচ্চফলনশীল আউশ আবাদের জন্য ৫ কেজি বীজ ও ১০ কেজি ডিএপি এবং ১০ কেজি এমওপি সার পাবেন। এছাড়া ৮০ জন কৃষক গ্রীষ্মকালীন মুগ আবাদের জন্য ৫ কেজি বীজ, ১০ কেজি ডিএপি ও ৫ কেজি এমওপি সার এবং ১০০ জন কৃষক পাট আবাদের জন্য ১ কেজি বীজ, ৫ কেজি ডিএপি ও ৫ কেজি এমওপি সার পাবেন।










