সিরাজগঞ্জের শাহজাদপুরে হাবিবুল্লাহ নগর ইউনিয়নের ইসলামপুর ডায়া গ্রামে সড়কে ঝুপড়ি ঘর তুলে বসবাস করা ভূমিহীন অসহায় আসমা খাতুনকে (৪৫) বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে জমি ও ঘর দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। সারা দেশে পুলিশের পক্ষ থেকে দরিদ্র, অসহায় ভূমিহীন পরিবারকে একটি পাকা ঘর নির্মাণ করে দেয়ার অংশ হিসেবে ইসলামপুর ডায়া গ্রামের মরহুম আদম শেখের স্বামী পরিত্যক্ত কন্যা বাকপ্রতিবন্ধী আসমা খাতুনকে তালিকাভুক্ত করে পুলিশ। কিন্তু জায়গা সংকটে থমকে যায় এ কার্যক্রম। পুলিশের এ উদ্যোগ বাস্তবায়নে এগিয়ে আসেন একই গ্রামের সমাজসেবক জামসেদ আলী আমিন। তিনি বেড়াকুচাটিয়া মৌজা থেকে নিজ নামীয় সম্পত্তির ১ দশমিক ৬৫ শতাংশ জমি আসমার নামে রেজিস্ট্রি করে দেন। গত বুধবার আনুষ্ঠানিকভাবে শাহজাদপুর থানা চত্বরে জমির দলিল আসমা খাতুনের হাতে তুলে দেন জমিদাতা জামসেদ আলী আমিন। এ সময় শাহজাদপুর থানার ওসি আব্দুল মজিদ, হাবিবুল্লাহ নগর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য আবুল বাশার ও রাশিদুল হাসান টুক্কু উপস্থিত ছিলেন।

জামসেদ আলী আমীন জানান, অসহায় আসমাকে জমি রেজিস্ট্রি করে দিয়ে স্থায়ী আবাসনের ব্যবস্থা করলাম। পুলিশের পক্ষ থেকে তাকে পাকা ঘর তৈরি করে দেয়া হবে। এ ব্যাপারে শাহজাদপুর থানার ওসি অপারেশন আব্দুল মজিদ জানান, বাংলাদেশ পুলিশের হেডকোয়ার্টারের প্রতিশ্রুতি অনুযায়ী সারা দেশে দরিদ্র, অসহায় ভূমিহীন পরিবারকে একটি পাকা ঘর নির্মাণের অংশ হিসেবে বাকপ্রতিবন্ধী আসমা খাতুনকে তালিকাভুক্ত করেছিলাম। এতে জায়গা সংকট দেখা দেয়। এ সময় একই গ্রামের জামসেদ আলী আমিন তাকে জমি দান করেন। শিগগিরই ওই জমিতে মাটি ভরাট করে একটি পাকা ঘর নির্মাণ করে দেয়া হবে।