টানা বৃষ্টিপাতের কারণে গত কয়েকদিন বাতাসে দূষণ কম থাকলেও তা আবার আগের অবস্থায় ফিরেছে। আজ রোববার সকাল ১০টার দিকে বিশ্বের সবচেয়ে দূষিত বাতাসের শহরের তালিকায় একদম উপরের দিকে উঠে এসেছে ঢাকা।
এদিন এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) স্কোর ১৬৩ নিয়ে তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে এ শহর। এ স্কোর নির্দেশ করে, ঢাকার বাতাস বর্তমানে ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে।
বায়ুর মান পর্যবেক্ষণকারী আন্তর্জাতিক সংস্থা আই কিউ এয়ারের তথ্য বলছে, আজ ১৯৫ একিউআই স্কোর নিয়ে বিশ্বের সবচেয়ে দূষিত বাতাসের শহর পাকিস্তানের লাহোর। ১৫৬ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে ভারতের দিল্লি। এরপর ১৫৩ স্কোর নিয়ে চতুর্থ ইন্দোনেশিয়ার জাকার্তা, ১৪৭ স্কোর নিয়ে পঞ্চম মিশরের কায়রো, ১২১ স্কোর নিয়ে ষষ্ঠ চিলির সেন্টিয়াগো, ১১২ স্কোর নিয়ে সপ্তম চীনের বেইজিং, ১০০ স্কোর নিয়ে অষ্টম ভিয়েতনামের হ্যানয়, ৯৯ স্কোর নিয়ে নবম চীনের চেংদু ও ৯৭ স্কোর নিয়ে দশম অবস্থানে রয়েছে নেপালের কাঠমান্ডু।
বায়ুমান পর্যবেক্ষণকারী এ সংস্থার সূচক বলছে, বায়ুদূষণের স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে তাকে ‘ভালো’ ধরা হয়। ৫১ থেকে ১০০ হলে তা ‘মাঝারি’ বা ‘সহনীয়’ হিসেবে বিবেচিত। এছাড়া ১০১ থেকে ১৫০ স্কোর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর। ১৫১ থেকে ২০০ স্কোর অস্বাস্থ্যকর। ২০১ থেকে ৩০০ স্কোর খুবই অস্বাস্থ্যকর। ৩০১-এর বেশি স্কোর দুর্যোগপূর্ণ বা বিপজ্জনক।










