বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চলে খালাসি নিয়োগে দুর্নীতির অভিযোগে সাবেক মহাব্যবস্থাপক সৈয়দ ফারুক আহমদসহ ১২ কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

দুদক সমন্বিত জেলা কার্যালয় চট্টগ্রাম-২-এর উপসহকারী পরিচালক মো. শরীফ উদ্দিন বাদী হয়ে গতকাল মামলাটি দায়ের করেন।

মামলায় ক্ষমতার অপব্যবহার করে নিয়োগ, ঘুষ ও দুর্নীতির মাধ্যমে ১ কোটি ২ লাখ ৪৪ হাজার টাকা গ্রহণের অভিযোগ আনা হয়।

মামলার আসামিরা হলেন রেলওয়ে পূর্বাঞ্চলের সাবেক মহাব্যবস্থাপক সৈয়দ ফারুক আহমেদ (৬০), তত্কালীন প্রধান যন্ত্র প্রকৌশলী মিজানুর রহমান (৫৭), রেলওয়ে পূর্বাঞ্চলের সহকারী মহাব্যবস্থাপক জোবেদা আক্তার (৪২), সাবেক ব্রিজ ইঞ্জিনিয়ার বর্তমানে রেলওয়ে পূর্বাঞ্চলের টিএসও মো. রফিকুল ইসলাম (৪০), এমএলএসএস হারাধন দত্ত (৩৪), শাহজাহানপুর রেলওয়ে সরকারি উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক সুরাইয়া সুলতানা (৬৩), খালাসি মো. আবুল বশর খান (৩৪), রেলওয়ে পূর্বাঞ্চলের সিপিও দপ্তরের প্রধান সহকারী খন্দকার সাইফুল ইসলাম মামুন (৪৪), টিকিট প্রিন্টিং প্রেস কলোনি হাইস্কুলের প্রধান শিক্ষক মৃণাল কান্তি দাশ (৫৫), শাহজাহানপুর রেলওয়ে সরকারি উচ্চবিদ্যালয়ের অফিস সহকারী মো. আক্তার হোসেন (৫৭),  কুমিল্লার মেসার্স ফাতেমা এন্টারপ্রাইজের প্রোপ্রাইটর আমিরুজ্জামান আশীষ (৪৯) ও পারভীন আক্তার (৪৪)।

দুদক সমন্বিত জেলা কার্যালয় চট্টগ্রাম-২-এর উপসহকারী পরিচালক মো. শরীফ উদ্দিন জানান, রেলওয়ে পূর্বাঞ্চলে ৮৬৩ জন খালাসি নিয়োগে দুর্নীতি হয়েছে, এমন অভিযোগ পেয়ে দুদক তথ্য অনুসন্ধান করে। তদন্তে অভিযোগ প্রমাণিত হওয়ায় নিয়োগ প্রক্রিয়ার সঙ্গে জড়িত ১২ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।