শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, এ বছর এসএসসি পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস হয়নি। প্রযুক্তিগত ব্যবস্থা নেয়ার কারণে গত চার বছরেও প্রশ্নপত্র ফাঁস হয়নি। গতকাল দুপুরে চাঁদপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে সম্প্রীতি সমাবেশ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
শিক্ষামন্ত্রী বলেন, এবার দিনাজপুরে যা ঘটেছে এটি অত্যন্ত দুঃখজনক। একটি পরীক্ষা কেন্দ্রের সচিব অনেক প্রশ্নপত্রের প্যাকেট একসঙ্গে করে নিয়ে গিয়েছেন। এটি কী কারণে হলো সে বিষয়ে তদন্ত হচ্ছে। ওই
শিক্ষককে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। তার বিরুদ্ধে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক কামরুল হাসান, পুলিশ সুপার মিলন মাহমুদ, জেলা আওয়ামী লীগের সহসভাপতি ডা. জেআর ওয়াদুদ টিপু, চাঁদপুর পৌরসভার মেয়র জিল্লুর রহমান জুয়েল, চাঁদপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম নাজিম দেওয়ান, চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি গিয়াসউদ্দিন মিলন প্রমুখ।










