চাঁদপুর-লাকসম রেলপথের মৈশাদী রেলস্টেশন এলাকার মৈশাদী বাজার ও আশপাশের ব্যবসাপ্রতিষ্ঠানসহ তিন শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে রেলওয়ে পূর্বাঞ্চল চট্টগ্রামের ভূ-সম্পত্তি বিভাগ। গতকাল সকাল থেকে বিকাল পর্যন্ত চাঁদপুর শহরতলির ওই এলাকায় রেলওয়ের কর্মকর্তারা উপস্থিত থেকে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করেন। এ সময় টিনের তৈরি পাকা ও সেমিপাকা ব্যবসাপ্রতিষ্ঠান বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেয়া হয়েছে।

মৈশাদী স্টেশন এলাকায় অবৈধ দখলে থাকা বেশ কয়েকজন ব্যবসায়ী ও বাজার কমিটির সদস্য জসিম উদ্দিন জানান, উচ্ছেদ অভিযান হবে মর্মে রেলওয়ে বিভাগের মাইকিংয়ের মাধ্যমে বুধবার সকালে তারা উচ্ছেদ অভিযানের কথা জানতে পারেন। তাই এত স্বল্প সময়ের মধ্যে ব্যবসাপ্রতিষ্ঠান থেকে মালপত্র সরিয়ে নিতে পারেননি। এ বিষয়ে আরো আগে নোটিস না দেয়ায় তারা ক্ষোভ প্রকাশ করেন। তাছাড়া দেশ স্বাধীন হওয়ার পর চাঁদপুরে রেলওয়ের সম্পত্তিতে এত বড় ধরনের উচ্ছেদ অভিযান এ প্রথম বলে জানান ব্যবসায়ীরা।

বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চল চট্টগ্রাম বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তা মাহবুবুল করিম বণিক বার্তাকে বলেন, উচ্ছেদ অভিযান আমাদের আগের কর্মসূচি। আগামী দুই মাস এ অভিযান অব্যাহত থাকবে। যেখানে অবৈধ স্থাপনা সেখানেই চলবে উচ্ছেদ। বৃহস্পতিবার সারাদিনে আমরা চাঁদপুর সদর উপজেলার মৈশাদী রেলওয়ে স্টেশন এলাকায় তিন শতাধিক ব্যবসাপ্রতিষ্ঠান উচ্ছেদ করেছি। আর এসব স্থাপনায় পাঁচ শতাধিক লোক অবৈধভাবে ব্যবসা করে আসছিল।

অভিযানকালে উপস্থিত ছিলেন সহকারী ভূ-সম্পত্তি কর্মকর্তা মো. শহীদুজ্জামান, চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সুচিত্র রঞ্জন দাস প্রমুখ।