বাগেরহাটে পিকআপের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ইজিবাইকের চার যাত্রী নিহত ও দুজন আহত হয়েছেন। বাগেরহাট-খুলনা মহাসড়কের টাউন নওয়াপাড়ায় গতকাল সকাল সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। নিহতের মধ্যে তিনজনের নাম পাওয়া গেছে। এরা হলেন—শওকত (৪০), মাসুম (৩০) ও নিপা (২৮)। এদের মধ্যে নিপার বাড়ি বাগেরহাট সদর উপজেলায়। তিনি একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা। অন্যদের ঠিকানা পাওয়া যায়নি। কাটাখালী হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) আশরাফুল হক এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এদিকে ঝিনাইদহের কালীগঞ্জে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে রুহুল আমিন (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। গতকাল সকালে কালীগঞ্জ উপজেলা শহরের শ্রীলক্ষ্মী সিনেমা হলের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত রুহুল আমিন যশোর সদর উপজেলার পরানপুর গ্রামের আবু বক্করের ছেলে।

অন্যদিকে বগুড়ার আদমদীঘিতে একটি বাসচাপায় নাহিদ মন্ডল (২০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল সকালে আদমদীঘি ফায়ার সার্ভিসের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত নাহিদ মণ্ডল দুপচাঁচিয়া উপজেলার কুড়াহার গ্রামের হাফিজার মন্ডলের ছেলে। আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাজেশ কুমার চক্রবর্তী জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

(প্রতিবেদনটিতে তথ্য দিয়েছেন সংশ্লিষ্ট প্রতিনিধিরা)