নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার তেথুলিয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ড যুবলীগের সভাপতি আমিরুল ইসলাম (৩৬) বজ্রপাতে মারা গিয়েছেন। গতকাল দুপুরে উপজেলার বানুয়ার হাওরের ফেলিকির বিলে এ বজ্রপাতের ঘটনা ঘটে। এ সময় আহত হন আরো দুজন।

জানা যায়, হরিপুর গ্রামের ইদ্রিস আলীর ছেলে ওয়ার্ড যুবলীগের সভাপতি আমিরুল ইসলাম আজমপুর ও হরিপুরের মধ্যবর্তী ফেলিকির বিলে যান। দুপুর সাড়ে ১২টার মুষলধারে বৃষ্টি হয়। এ সময় বজ্রপাতে আহত হলে তাকে ধর্মপাশা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ধর্মপাশা হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মোহনগঞ্জ থানার ওসি রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, স্থানীয় যুবলীগ সভাপতি আমিরুলসহ তিনজন ইজারাকৃত বিল দেখতে গেলে বৃষ্টির সঙ্গে বজ পাত হয়। এ সময় তিনজনই আহত হন। আহতাবস্থায় হাসপাতালে নেয়া হলে আমিরুল মারা যান। আহত হারুন মিয়া (৫৬) ও মাস্টার মিয়া (৩৭) বর্তমানে মোহনগঞ্জ হাসপাতালে চিকিৎসাধীন।