অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর হামলা ও মব সন্ত্রাসের ঘটনার প্রতিবাদে সরব হয়েছেন দেশের বিভিন্ন অঙ্গনের শিল্পীরা। বুধবার বেলা সাড়ে ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে ‘আমরা শিল্পীবৃন্দ’-এর ব্যানারে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে বক্তারা হামলার তীব্র নিন্দা জানিয়ে দোষীদের অবিলম্বে আইনের আওতায় আনার দাবি জানান।
মানববন্ধনে জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নির্মাতা রিয়াজুল রিজু বলেন, আমরা শিল্পী, আমরা কোনো রাজনৈতিক দলের নই। দেশকে ভালোবেসে ’২৪-এর জুলাইয়ে রাস্তায় নেমেছিলাম। কিন্তু গত দুই বছরে আমাদের ওপরই বেশি হামলা হয়েছে। শোরুম উদ্বোধন করতে দেয়া হয়নি, বিভিন্ন জায়গায় কনসার্ট ও নৌকাবাইচ বন্ধ হয়েছে। আমাদের সংস্কৃতির ইতিহাস হাজার বছরের। সংস্কৃতির ওপর আক্রমণ মানে দেশের ওপর আক্রমণ, অস্তিত্বের ওপর আক্রমণ। বাঁধন সব সময় অন্যায়ের প্রতিবাদ করেছে। আমরা শিল্পীরাও তাই।
সংগীতশিল্পী মুহিন খান বলেন, প্রধানমন্ত্রী ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্যোগকে স্বাগত জানাই। তারা সঙ্গে সঙ্গে এ ঘটনায় ব্যবস্থা নিতে নির্দেশনা দিয়েছেন। আমরা স্পষ্ট করে বলতে চাই, কিশোরগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়ায় যে মব সন্ত্রাস হয়েছে, তা আমরা আর মেনে নেব না। দেশের কোনো অংশে এমন মব হলে আমরা বসে থাকব না।
অভিনেতা ইভান সাইর বলেন, আমরা ’২৪-এর জুলাইয়ে অন্যায়ের বিরুদ্ধে রাজপথে নেমেছিলাম। বর্তমান সরকারও যদি গণবিরোধী কিছু করে, আমরা প্রতিবাদ করব। বাঁধন এতটা শক্ত থেকে প্রতিবাদ করে যাচ্ছে, যা আমাদের মনোবল শক্ত করছে। তার ওপর হামলাকারীদের দ্রুত আইনের আওতায় আনতে হবে।
উল্লেখ্য, গত ৬ সেপ্টেম্বর ভেনিসে ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ সিনেমার ওয়ার্ল্ড প্রিমিয়ার শেষে পরিবারের সদস্যদের সঙ্গে ঘুরতে বের হলে হামলা ও হেনস্তার শিকার হন বাঁধন। তার ভাষ্যমতে, তাকে পানি, কোমল পানীয় ও ডিম ছুড়ে মারা হয় এবং শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়। ২০২৪ সালের জুলাই-আগস্টের আন্দোলনে নিজের সক্রিয় ভূমিকার কারণেই এ হামলার শিকার হতে হয়েছে বলে জানান বাঁধন।










