ফেনী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারীসহ ৬৫ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। ৪ আগস্ট মহীপালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ কর্মসূচিতে গুলিবর্ষণের ঘটনায় ১১ জন নিহত হয়। তাদের মধ্যে মো. সবুজ নামে এক অটোরিকশাচালকও রয়েছেন। সবুজ লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলার দক্ষিণ টুমচর গ্রামের আবদুল মালেকের ছেলে। এ ঘটনায় নিহতের ভাই গতকাল সদর মডেল থানায় মামলাটি করেন। মামলায় আরো ৩০০-৪০০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।

আসামিদের মধ্যে গত সোমবার ভারতে পালিয়ে যাওয়ার সময় আখাউড়া ইমিগ্রেশন থেকে নিজাম হাজারীর পিএস ও জেলা যুবলীগের সহসম্পাদক ফরিদ মানিককে গ্রেফতার করা হয়েছে। মামলায় উল্লেখযোগ্য আসামিদের মধ্যে রয়েছেন সদর উপজেলা চেয়ারম্যান শুসেন চন্দ্র শীল, পৌরসভার মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী, দাগনভূঞা উপজেলা চেয়ারম্যান দিদারুল কবির রতন।

ফেনী মডেল থানার ওসি মোহাম্মদ রুহুল আমিন জানান, এরই মধ্যে এ মামলায় নিজাম হাজারীর পিএস ফরিদ মানিককে গ্রেফতার দেখানো হয়েছে।