ব্রাহ্মণবাড়িয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ২০ জন। গতকাল সকালে সদর উপজেলার সাদেকপুর ইউনিয়নের বিরামপুর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত মো. নাসির উদ্দিন (৬৫) ওই গ্রামের মৃত মইজ উদ্দিনের ছেলে।
পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে সাবেক চেয়ারম্যান হারুন মিয়ার সঙ্গে বিরামপুর গ্রামের সাচ্চু গ্রুপের বিরোধ চলে আসছিল। এর জের ধরে গতকাল সকালে দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রায় ২ ঘণ্টাব্যাপী সংঘর্ষে প্রতিপক্ষের আঘাতে সাচ্চু গ্রুপের নাসির উদ্দিন নামে একজন নিহত হয়েছেন।
ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ওসি আজহারুল ইসলাম জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে পুলিশ। নতুন করে সংঘর্ষ এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এর আগে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ২২ অক্টোবর রাতে টর্চলাইট জ্বালিয়ে কুমিল্লা-সিলেট মহাসড়কের সুহিলপুরে সংঘর্ষে জড়ায় দুই পক্ষ। এতে আহত হন অন্তত ৩০ জন। এ সময় প্রায় ৩ ঘণ্টা মহাসড়কে যান চলাচল বন্ধ ছিল। এছাড়া ৯ জুন সন্ধ্যায় সরাইল উপজেলায় দুই পক্ষের সংঘর্ষে অর্ধশতাধিক লোক আহত হন। সন্ধ্যা সাড়ে ৭টা থেকে রাত ১০টা পর্যন্ত সরাইল-নাসিরনগর-লাখাই আঞ্চলিক মহাসড়কে টর্চলাইট জ্বালিয়ে উপজেলা সদরের ৮ নম্বর ওয়ার্ডের পাঠানপাড়া ও উত্তরপাড়ার লোকজনের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় একাধিক দোকানপাট ভাংচুর করা হয়। সংঘর্ষ চলাকালে আঞ্চলিক মহাসড়কে সব ধরনের যান চলাচল বন্ধ ছিল।










