মেহেরপুরের গাংনীতে আলোচিত বদিউজ্জামান বদি হত্যা ও গুম মামলায় খালাস পেয়েছেন গাংনী পৌর মেয়র আশরাফুল ইসলামসহ ১১ জন।
আজ বৃহস্পতিবার মেহেরপুর জজ আদালতের অতিরিক্ত জেলা জজ রিপতি কুমার বিশ্বাস এ রায় দেন।
খালাসপ্রাপ্ত অন্য আসামিরা হলেন, মেয়রের ভাই আনারুল ইসলাম ও খাইরুল ইসলাম, নিরাপত্তারক্ষী বকুল হোসেন, শফিকুল, বাবুল, নাজু, রানা, মোজাম কসাই ও মিলন।
উল্লেখ্য, ২০১২ সালের ২২ এপ্রিল মেহেরপুরের গাংনী উপজেলার মৃত আব্দুর রহমানের ছেলে বদিউজ্জামান বদি নিখোঁজ হন। অনেক খোঁজাখুজির পর না পেয়ে ২৮ এপ্রিলে বদির ভাই রবিউল ইসলাম বাদি হয়ে গাংনী থানায় মেয়র আশরাফুল ইসলামসহ ১১ জনের বিরুদ্ধে হত্যা ও গুম মামলা দায়ের করেন। তদন্ত কর্মকর্তা এসআই নারায়ণ চন্দ্র নাথ ২০১২ সালের ২৫ আগস্ট আদালতে চার্জশিট দাখিল করেন। এ মামলায় ১২ জন সাক্ষীর সাক্ষ্য ও মামলার নথি বিশ্লেষণ শেষে আদালত এ রায় ঘোষণা করেন।
মামলায় রাষ্টপক্ষের আইনজীবী ছিলেন অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর কাজী শহিদুল হক ও আসামি পক্ষের আইনজীবী ছিলেন খন্দকার আব্দুল মতিন।
খালাস পাওয়ার পর গাংনী পৌর মেয়র আশরাফুল ইসলাম বলেন, সত্যের জয় হয়েছে, আমি ন্যায়বিচার পেয়েছি।










