যশোর শহরের আরএন সড়কের রাঙামাটি গ্যারেজ এলাকার একটি ওয়ার্কশপে আগ্নেয়াস্ত্র তৈরির সময় তিনজনকে আটক করেছে ডিবি পুলিশ। নিউ বিসমিল্লাহ ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসপ নামে ওই কারাখানায় বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
ওই ওয়ার্কশপ থেকে ৫টি নাইন এমএম পিস্তল (দেশীয় তৈরি), ৫ রাউন্ড গুলি ও ৮টি ম্যাগজিন ও তিনটি ধারালো অস্ত্র উদ্ধার হয়েছে। এ সময় ওয়ার্কশপ তল্লাশি করে তিনটি অস্ত্র তৈরির সরঞ্জামও জব্দ করে পুলিশ।
আটক তিনজন হলেন দোকান মালিক সদর উপজেলার বাহাদুরপুর গ্রামের আব্দুল কুদ্দুস (৪২), একই গ্রামের সুমন হোসেন (২০) এবং শহরের বেজপাড়া এলাকার আজিজুল ইসলাম (৪০)।
ডিবি পুলিশের পরিদর্শক (ওসি) রুপন কুমার জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে ওই ওয়ার্কসপে অভিযান চালিয়ে অস্ত্র তৈরির প্রমাণ পাওয়া যায়। এরপর সেখান থেকে অস্ত্র ও অস্ত্র তৈরির সরঞ্জাম জব্দ করা হয়। এর আগে বেশ কয়েকবার পুলিশ সেখানে গিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করে।
যশোরের
অতিরিক্ত পুলিশ সুপার বেলাল হোসাইন জানান, গোপন সংবাদের ভিত্তিতে আজ রাত সাড়ে ৯টার
দিকে ডিবি পুলিশ ওই গ্যারেজে অভিযান চালায়। এসময় তিনজনকে আটকসহ উল্লিখিত অস্ত্র জব্দ
করা হয়েছে। বিষয়টি নিয়ে আমরা আরো তদন্ত করব। এভাবে আরো অস্ত্র তৈরি হয়েছিল কি-না বা
এর সঙ্গে কারা জড়িত তা তদন্ত করে দেখা হবে।










