নেত্রকোণায় বিএনপি-পুলিশ সংঘর্ষের ঘটনায় মামলার প্রধান আসামী জেলা যুবদলের সহসভাপতি আব্দুল্লাহ্ আল মামুন খান রনি গ্রেফতার হয়েছেন। আজ শনিবার সকালে গাজীপুরের নাওজোর চৌরাস্তা এলাকার আত্মীয়ের বাসা থেকে তাকে গ্রেফতার করে ডিবি পুলিশ।

বিষয়টি নিশ্চিত করেছেন নেত্রকোণা ডিবি পুলিশের ওসি আবুল কালাম আজাদ।

গত বৃহস্পতিবার সকালে নেত্রকোণায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে কর্মসূচিতে বাধার পর দলটির নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। ঘটনাস্থলে পুলিশ টিয়ারশেল ও রাবার বুলেট নিক্ষেপ করে। ওই সময় পুলিশসহ ৩৫ জন আহত হয়। এ ঘটনায় বিএনপি, যুবদল ও ছাত্রদলের ৩৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো ৫০০ নেতাকর্মীকে আসামী করে নেত্রকোণা মডেল থানায় মামলা দায়ের করা হয়। থানার এসআই খন্দকার আল মামুন বাদী হয়ে বৃহস্পতিবার রাতে মামলাটি করেন।

মামলায় জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য আশরাফ উদ্দিন খানের ছেলে জেলা যুবদল সহসভাপতি আব্দুল্লাহ্ আল মামুন খান রনিকে প্রধান আসামী করা হয়।

এ ঘটনায় এর আগে আরো ১৪ বিএনপি নেতাকর্মীকে আটক করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।