পাবনার ঈশ্বরদী উপজেলায় শ্যালোইঞ্জিনচালিত ভডভডি চালক আবু বক্কার মন্ডল (৩৫) হত্যা মামলায় দুজনকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে এ মামলায় দুজনকে তিন বছর করে সশ্রম কারাদণ্ড ও একজনকে খালাস দেয়া হয়েছে। পাবনা জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. আসাদুজ্জামান গতকাল বিকালে এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন ঈশ্বরদী উপজেলার চরমিরকামারি গ্রামের নুরু সাহার ছেলে রব্বেল হোসেন ও মুশুরিয়া গ্রামের সেকেন্দার আলীর ছেলে রুবেল হোসেন। কারাদণ্ডপ্রাপ্তরা হলেন রফিকুল ইসলাম ও শিপন হোসেন। রাব্বি হোসেন নামের একজনকে বেকসুর খালাস দেয়া হয়। হত্যাকাণ্ডের শিকার আবু বক্কার মন্ডল একই উপজেলার চরমিরকামারি গ্রামের ছকির মন্ডলের ছেলে।

সরকার পক্ষের আইনজীবী পাবলিক প্রসিকিউটর (পিপি) আব্দুস সামাদ খান রতন জানান, ২০১৫ সালের ৪ এপ্রিল রাতে ভডভডি গাড়ি ভাড়ার করার কথা বলে বক্কার মন্ডলকে মোবাইল ফোনে ডেকে নিয়ে যায় দুর্বৃত্তরা। পরে তাকে শ্বাসরোধে হত্যার পর মরদেহ ঈশ্বরদী ইক্ষু গবেষণা কেন্দ্রের পাশে একটি জঙ্গলে ফেলে ভডভডিটি নিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা।

এ ঘটনায় নিহত বক্কারের স্ত্রী সুমিতা বেগম বাদী হয়ে ঈশ্বরদী থানায় অজ্ঞাতনামাদের আসামি করে একটি হত্যা মামলা করেন।