সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মুক্তিযুদ্ধের ইতিহাস এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন নিয়ে ভুল মন্তব্য করায় এক শিক্ষার্থীকে দুটি বই উপহার দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কবি জসীম উদ্দীন হল শাখা ছাত্রলীগ। গতকাল রোববার রাতে জসীম উদ্দীন হল সংসদ কক্ষে তাকে বঙ্গবন্ধুর ‘অসমাপ্ত আত্মজীবনী’ ও ‘কারাগারের রোজনামচা’ বই দুটি উপহার দেয়া হয়।
হল প্রভোস্ট অধ্যাপক ড. আব্দুর রশিদ বণিক বার্তাকে বলেন, ওই শিক্ষার্থীর সঙ্গে কথা বলে বুঝতে পারি যে মুক্তিযুদ্ধের ইতিহাস ও বঙ্গবন্ধুকে নিয়ে তার ধারণা সঠিক নয়। সেজন্যই ফেসবুকে ভুল মন্তব্য করেছে। তাই ইতিহাস সম্পর্কে তার ধারণা পরিষ্কার করতেই এই বই দুটি পড়তে বলা হয়েছে এবং হল ছাত্রলীগ বই দুটি তাকে সরবারহ করেছে। পরে নিজের ভুলের জন্য দুঃখ করেন ওই শিক্ষার্থী।
এ সময় উপস্থিত ছিলেন হলের আবাসিক শিক্ষক মো. মুখলেছুর রহমান, সহকারী আবাসিক শিক্ষক ড. মো. রায়হান সরকার, ড. মুহাম্মদ সোয়েব-উর-রহমান, ড. মোহাম্মদ শোয়েব, মেহেদী হাসান, হল ছাত্রলীগ সভাপতি সুমন খলিফা ও সাধারণ সম্পাদক লুৎফর রহমান। ছাত্রলীগ কর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন হেদায়েতুল ইসলাম, তানজির আরাফাত তুষার, মো. শাহরিয়ার শুভ্র, শাহরাজ শহীদ শান্ত, ইব্রাহিম খান, ইরতাজুল হক রিয়ান, রাইদুল খান কৌশিক এবং ইরতেজা রাকিব।










