মেহেরপুর শহরের বেড়পাড়ার এক প্রতিবেশীর বাড়ির ছাদে পানির ট্যাংকি থেকে রাকিব (২২) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের সহযোগিতায় পুলিশ।
আজ রবিবার বেলা সাড়ে ১১টার দিকে তার প্রতিবেশী বকুল হোসেনের বাড়ির ছাদের উপর থাকা পানির ট্যাঙ্কি থেকে এ মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশ বলছে, রাকিব মাদকাসক্ত ছিলেন। তিনি বেড়পাড়ার আরমান আলীর ছেলে।
অতিরিক্ত পুলিশ সুপার জামিরুল ইসলাম জানান, সকাল ১০টার দিকে স্থানীয়দের দেয়া খবরে সদর থানার পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়। সেখানে ট্যাংকি খোলা অবস্থায় রাকিবের মরদেহ পাওয়া যায়। পরে ফায়ার সার্ভিস কর্মীরা এসে মরদেহটি উদ্ধার করে। আশপাশের লোকজনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে তিনি একজন মাদকাসক্ত। ময়নাতদন্তের পর বলা যাবে তাকে হত্যা করা হয়েছে নাকি তিনি নিজে ট্যাংকির ভেতরে প্রবেশ করেছেন। তবে ট্যাংকির পাশ থেকে তার পরনের পোশাকও উদ্ধার করা হয়েছে।










