ঢাকার সায়েদাবাদ বাস টার্মিনাল এলাকায় অভিযান পরিচালনা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বৃহস্পতিবার (১৩ জুন) দুপুর ২ টা থেকে ৪টা পর্যন্ত এ অভিযান চালায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। ঈদুল আজহা উপলক্ষে বাস কাউন্টারে অভিযান পরিচালনা করা হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপ পরিচালক (প্রশিক্ষণ ও প্রচার) আতিয়া সুলতানা জানান, এ সময় শ্যামলী এনআর ট্রাভেলসের বিক্রি করা টিকিট পর্যালোচনা করে দেখা যায় ঢাকা-বরিশাল, ঢাকা-পটুয়াখালী রুটে বিআরটিএ নির্ধারিত মূল্যের অধিক মূল্যে টিকিট বিক্রি করা হয়েছে। কাউন্টারের ম্যানেজার প্রসেনজিৎ ঘোষ নিজেও অপরাধ স্বীকার করেন। এছাড়া ভবিষ্যতে আর বেশি মূল্যে টিকিট বিক্রি করবেন না মর্মে অঙ্গীকার করেন। এর প্রেক্ষিতে বিধি মোতাবেক অভিযুক্ত প্রতিষ্ঠানকে সতর্কতামূলক ২০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। এছাড়াও বাস কাউন্টারগুলোকে মৌখিকভাবে সতর্ক করা হয়।
অভিযানে ঢাকা বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক (মেট্রো) মো. আব্দুস সালাম ও প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক পরেশ চন্দ্র বর্মণ নেতৃত্ব দেন।










