অসুস্থ মা ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে দেখতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে পৌঁছেছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আজ বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৫টার দিকে হাসপাতালে পৌঁছায় তার গাড়িবহর।
পূর্বাচলের ৩০০ ফিট এলাকায় গণসংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য শেষে বিকাল সাড়ে ৪টার দিকে হাসপাতালের উদ্দেশে রওনা হন তিনি।
এদিকে প্রিয় নেতাকে এক নজর দেখতে সকাল থেকেই হাসপাতালের সামনে ভিড় কর আছেন হাজারো নেতাকর্মী ও সাধারণ মানুষ। হাসপাতালের প্রধান ফটকের সামনের সড়ক থেকে নিরাপত্তার স্বার্থে তাদের কিছুটা সরিয়ে দেয়া হলেও আশপাশের রাস্তায় দেখা গেছে মানুষের ঢল।
এর আগে দুপুরে সেনাবাহিনী, বিজিবি ও পুলিশের কড়া নিরাপত্তার বেষ্টনীতে থাকা বুলেটপ্রুফ বাস বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে পূর্বাচল এক্সপ্রেসওয়েতে সমাবেশস্থলে পৌঁছায়। কড়া নিরাপত্তার মধ্য দিয়ে মঞ্চে ওঠেন তিনি। সেখানে তিনি নেতাকর্মী ও জনতার উদ্দেশ্যে ভাষণ দেন।
দীর্ঘ অপেক্ষার পর তাকে সংবর্ধনা জানাতে সংবর্ধনাস্থলে জড়ো হন বিপুল সংখ্যক মানুষ। তারেক রহমানকে বহনকারী বাসটি সেখানে পৌঁছামাত্রই চারপাশ স্লোগানে প্রকম্পিত হয়ে ওঠে। দীর্ঘদিন পর নেতাকে কাছে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন নেতাকর্মীরা।















