কুষ্টিয়ায়
নিখোঁজের পাঁচদিন
পর সাংবাদিক হাসিবুর রহমান রুবেলের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল দুপুরে জেলার কুমারখালী উপজেলার যদুবয়রা এলাকায় গড়াই নদীতে শহীদ গোলাম কিবরিয়া সেতুর নিচ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়েছে।
রুবেল কুষ্টিয়া শহরের হাউজিং এ-ব্লক এলাকার মৃত হাবিবুর রহমানের ছেলে। তিনি আঞ্চলিক দৈনিক কুষ্টিয়ার খবর পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক ও দৈনিক আমাদের নতুন সময় পত্রিকার জেলা প্রতিনিধি ছিলেন।
পুলিশ সূত্রে জানা যায়,
বেলা ২টার দিকে কুমারখালী উপজেলার যদুবয়রা এলাকায় গড়াই নদীতে নির্মাণাধীন শহীদ গোলাম কিবরিয়া সেতুর নিচে একটি মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পুলিশ এসে মরদেহ উদ্ধারের পর সাংবাদিক রুবেলের পরিচয় শনাক্ত করেছে। কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুজ্জামান তালুকদার বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
রুবেলের অফিস ও পরিবার সূত্রে জানা গেছে, গত ৩ জুলাই রাত ৯টার দিকে কুষ্টিয়া শহরের সিঙ্গার মোড়ে অবস্থিত দৈনিক কুষ্টিয়ার খবর পত্রিকার অফিসে কাজ করছিলেন রুবেল। এ সময় তার মোবাইলে একটি কল এলে তিনি অফিস পিয়নকে বাইরে থেকে আসছি বলে বের হয়ে যান। এরপর থেকে তার সেলফোন বন্ধ পাওয়া যায়। পরে
এ বিষয়ে পরিবারের পক্ষ থেকে থানায় জিডি করা হয়।
ওই সাংবাদিকের খোঁজ পেতে বুধবার কুষ্টিয়ায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করা হয়েছে।
নিহত সাংবাদিক রুবেলের স্ত্রী ইতি খাতুন জানান নিখোঁজের দিন রুবেল সারা দিনই বাইরে ছিলেন। বিকালে তার সঙ্গে একবার কথা হয়েছিল। তখন রুবেল তাকে জানান রাতে বাসায় ফিরবেন।
কুষ্টিয়া পুলিশের গাফিলতিতে তার স্বামীকে খুন হতে হয়েছে বলে অভিযোগ করেন ইতি। তিনি জানান, অনেক সময় চলে গেলেও পুলিশ রুবেলকে উদ্ধারে যথাযথ পদক্ষেপ নেয়নি।










